

কুয়াকাটাগামী বিকল্প সড়কের হাড়িপাড়া এবং তুলাতলীসহ অসংখ্য স্পটে খানাখন্দে একাকার হয়ে গেছে। ফলে যানসহ মানুষ চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়রা জানান, ছয় চাকার দৈত্যাকৃতির অবৈধ যান চলাচলে সড়কটির এমন বেহালদশা করা হয়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বিশেষ করে থ্রি-হুইলার যানবাহন অনেক সময় বিধ্বস্ত রাস্তা ক্রস করতে উল্টে দূর্ঘটনার শিকার হয়।
অটোচালক আবু তালেব জানান, প্রতিদিন এইসব ভাঙ্গার কারনে যানবাহন উল্টে যায়। কেউ না কেউ আহত হয়। তারা ছয় চাকার মাহেন্দ্র চলাচল বন্ধের দাবি জানান।
দীর্ঘদিন ধরে এমন দূর্ভোগ লাঘবে এলজিইডির কোন উদ্যোগ নেই। ফলে মানুষ নিত্য ভোগান্তি নিয়েই চলাচল করছে।
সৈয়দ নজরুল ইসলাম সেতু খুলে দেয়ার পর থেকে কলাপাড়া সদর থেকে লালুয়া, ধুলাসার, বালিয়াতলী ইউনিয়নের সকল মানুষ এবং ডালবুগঞ্জ ও মিঠাগঞ্জের অর্ধেক মানুষ এই পথে চলাচল করে আসছে।
তাই মানুষের দাবি এই খানাখন্দ অংশ দ্রুত মেরামত করা হোক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডির) প্রকৌশলী মহর আলী জানান, শীঘ্রই ওই সড়কটি মেরামতের পরিকল্পনা নেই। ফলে পাঁচ ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের যোগাযোগের ভোগান্তি লাঘব হওয়ার সম্ভাবনা নেই। স্থানীয়রা উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।