

ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে। তারা এখন জুলাই সনদ চায়না ক্ষমতা চায় জনগণ রাস্তায় নামলে কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকতে পারে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, “গণআন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা যেমন পালিয়ে গেছে, সেভাবে নব্য স্বৈরাচারও পালিয়ে যেতে বাধ্য হবে।
জনগণকে ভয় দেখিয়ে লাভ হবে না; সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে এবং আপনাদের ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার বরিশাল নগর ভবনের সামনে মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা বাবর আরো বলেন, প্রচণ্ড ক্ষমতাধারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতাকে অবমূল্যায়ন করে আন্দোলনের মুখে সহ সহযোগীদের নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জনগণ সিদ্ধান্ত নিলে কোনো শক্তি তা রুখে দিতে পারে না।
বর্তমান সরকার জনগণের শক্তিকে অবমূল্যায়ন করছে এবং ওয়াদা দিয়ে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। ৩১টি রাজনৈতিক দল মিলে ‘জুলাই সনদ’ তৈরি করেছিল এবং জনগণ তাতে সমর্থন দিয়েছিল। কিন্তু আজ তারা সেই সনদের সাথে বেইমানি ও মুনাফেকির রাজনীতি করছে।
অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। বরিশাল একটি শান্তিপূর্ণ শহর উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, “গতকাল বিএম কলেজ এবং আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যে ঘটনা ঘটিয়েছে, তা থেকে বিরত না হলে ছাত্রশিবির কোনো ছাড় দেবে না।
আমরা এখনো শিবিরকে ধৈর্য ধারণের পরামর্শ দিচ্ছি, তবে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না। বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী: বরিশাল জেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, মহানগর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও মুহাম্মাদ আতিকুল্লাহ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা আহ্বায়ক আবু সাইদ মুসা। লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন।
সমাবেশ শেষে অতিথিবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের প্রদর্শিত পথে দেশ গঠনে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।