বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

পর্দায় নৃশংস সেই হত্যাকাণ্ড, শিশুর সামনে মাকে ৪৯ বার ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯ বার

১৯৯২ সালের ১৫ জুলাই দক্ষিণ-পশ্চিম লন্ডনের উইম্বলডন কমন-এ ঘটে যাওয়া র‍্যাচেল নিকেল হত্যাকাণ্ড আজও ব্রিটেনের সবচেয়ে আলোচিত অপরাধগুলোর একটি। কারণ, হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল তার মাত্র দুই বছরের ছেলে অ্যালেক্স হ্যান্ডসকম্ব, যে ছিল মায়ের মৃত্যুর একমাত্র প্রত্যক্ষদর্শী। প্রায় ৩৪ বছর পর নেটফ্লিক্সের নতুন প্রামাণ্যচিত্র ও নাট্যরূপের মাধ্যমে ঘটনাটি আবারও আলোচনায় এসেছে।

সেই হত্যাকাণ্ড পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল। ২৩ বছর বয়সী মডেল ও তরুণী মা র‍্যাচেল নিকেল তার দুই বছরের ছোট্ট ছেলে অ্যালেক্স এবং পোষা কুকুর মলিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন উইম্বলডন কমন নামক স্থানে। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে এক অপরিচিত ব্যক্তি।
দিবালোকে, জনসমাগমের কাছাকাছি এলাকায়, কোনো সতর্কতা ছাড়াই র‍্যাচেলের ওপর ঝাঁপিয়ে পড়ে সে। এরপর তাকে যৌন নির্যাতন করা হয় এবং ৪৯ বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পুরো ঘটনাটি ঘটে অ্যালেক্সের চোখের সামনে। এই ভয়াবহ হত্যাকাণ্ড ব্রিটিশ সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। দুই বছরের শিশুটি হয়ে ওঠে হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী।

বড় হওয়ার পর বহুবার সেই দিনের স্মৃতি নিয়ে কথা বলেছেন অ্যালেক্স। ২০১৭ সালে তিনি বলেন, ‘আমি কখনো ভুলতে পারব না সেই মুহূর্ত, যখন আমার মায়ের আত্মা তার শরীর ছেড়ে চলে গিয়েছিল। আজও সবকিছু আমার মনে স্পষ্টভাবে আঁকা আছে।’
অ্যালেক্সের স্মৃতিতে এখনো ভাসে সেই অচেনা মানুষটির ছবি। ‘আমরা একজন অপরিচিত মানুষকে দেখেছিলাম। তার কাঁধে একটি কালো ব্যাগ ছিল। সে আমাদের দিকে এগিয়ে আসছিল। এরপর আমাকে তুলে মাটিতে ছুড়ে ফেলে দেয়। আমার মুখ কাদার ওপর ঘষে যায়। কয়েক সেকেন্ড পর মা আমার পাশে লুটিয়ে পড়েন,’ বলেন তিনি।

অ্যালেক্স দাবি করেন, তিনি হত্যাকারীকে কাছের ঝরনায় হাতের রক্ত ধুয়ে ফেলতেও দেখেছিলেন। ‘তারপর সে ভূতের মতো অদৃশ্য হয়ে গেল,’ বলেন তিনি।

ভয়াল সেই হত্যাকাণ্ডের পরও অ্যালেক্স বুঝতে পারেনি যে তার মা মারা গেছেন। চারদিকে রক্ত ছড়িয়ে ছিল। নিস্তব্ধ পরিবেশে সে মাকে জাগানোর চেষ্টা করতে থাকে। ‘আমি বলছিলাম, ওঠো মা। কিন্তু তিনি কোনো উত্তর দিচ্ছিলেন না। শেষবার সর্বশক্তি দিয়ে বলেছিলাম, ওঠো মা। তখনো কোনো সাড়া পাইনি। সেই মুহূর্তেই বুঝে গিয়েছিলাম, মা আর ফিরবেন না,’ বলেন তিনি।

এরপর রক্তমাখা অবস্থায় জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সহায়তা চাইতে বের হয় শিশুটি। পথচারীরা তাকে দেখে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেয়। পরে থানায় গিয়ে বাবার কাছ থেকে জানতে পারে, মায়ের সঙ্গে একটি ‘ভয়াবহ দুর্ঘটনা’ ঘটেছে।

অদ্ভুতভাবে, একমাত্র প্রত্যক্ষদর্শী হওয়া সত্ত্বেও হত্যার পর তিন সপ্তাহ পর্যন্ত অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদই করা হয়নি।

এটাই ছিল তদন্তের ব্যর্থতার শুরু। পুলিশ ৩২ জনকে জিজ্ঞাসাবাদ করে। এক বছরের বেশি সময় পর তারা সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে কলিন স্ট্রাগ নামের এক বেকার ব্যক্তিকে, যিনি প্রায়ই উইম্বলডন কমনে কুকুর হাঁটাতে যেতেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ফরেনসিক প্রমাণ ছিল না। ১৯৯৩ সালে তাকে অভিযুক্ত করা হলেও ১৩ মাস কারাগারে কাটানোর পর ১৯৯৪ সালে তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেন আদালত।

পরে জানা যায়, পুলিশ তথাকথিত ‘হানি ট্র্যাপ’ পদ্ধতি ব্যবহার করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেছিল। ভুল অভিযোগের কারণে স্ট্যাগকে ৭ লাখ ৬ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেয়া হয়। এর অর্থ ছিল-আসল হত্যাকারী তখনো মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে।

স্ট্যাগ মুক্তি পাওয়ার পর প্রায় এক দশক মামলাটি কার্যত স্থবির হয়ে পড়ে। ২০০২ সালে উন্নত ডিএনএ প্রযুক্তির সাহায্যে তদন্তকারীরা র‍্যাচেলের শরীর থেকে সংগ্রহ করা নমুনা আবার পরীক্ষা করেন। তখন মিলে যায় এক ভয়ংকর অপরাধীর ডিএনএর সঙ্গে। সে ছিল রবার্ট ন্যাপার-এক সিরিয়াল ধর্ষক ও খুনি, যিনি এর আগেই একাধিক নারীকে আক্রমণের দায়ে ব্রডমুর মানসিক হাসপাতালে আটক ছিলেন। পরে ন্যাপার নিজেই হত্যার কথা স্বীকার করেন।

২০০৮ সালে তাকে র‍্যাচেল নিকেলের হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

অবিশ্বাস্য হলেও সত্য, খুনি ধরা পড়ার আগেই অ্যালেক্স তার মায়ের হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন। তিনি বলেন, ‘প্রথমবার ন্যাপারের ছবি দেখে আমি কিছুই অনুভব করিনি। তাকে কারাগারে পাঠানো আমার কাছে কোনো তৃপ্তি এনে দেয়নি। আমি অনেক আগেই মায়ের খুনিকে ক্ষমা করে দিয়েছিলাম।’ অ্যালেক্সের মতে, ন্যাপারের শৈশব ছিল অত্যন্ত কঠিন। তিনি স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন এবং প্রথম আক্রমণের পর আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। বর্তমানে অ্যালেক্স একজন যোগশিক্ষক হিসেবে কাজ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com