রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮ বার

ম্যাচ শেষের বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে স্পেন শিবির। বিশ্বজয়ের আনন্দে যখন সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসবে মেতেছেন স্প্যানিশ ফুটবলাররা, তখন অন্য প্রান্তে পরাজয়ের বেদনা নিয়ে একা বসে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর ঠিক সেই মুহূর্তেই দেখা গেল ম্যাচের সবচেয়ে আবেগঘন দৃশ্য।

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল বিজয় উদযাপনের মাঝেই হেঁটে চলে যান মেসির কাছে। মেসিকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়েন আর্জেন্টাইন কিংবদন্তি। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন দুই প্রজন্মের দুই ফুটবল তারকা। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছে।

ফাইনালের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি ও ইয়ামাল। অনেকের চোখে, বার্সেলোনার নতুন বিস্ময় ইয়ামালই ভবিষ্যতে মেসির উত্তরসূরি হতে পারেন। সেই আলোচনার মাঝেই ম্যাচ শেষে মেসির প্রতি সম্মান জানিয়ে হৃদয় জিতে নিলেন স্পেনের এই তরুণ ফুটবলার।

দুজনের আলিঙ্গন যেন ফিরিয়ে আনল বহু বছর আগের সেই বিখ্যাত ছবির স্মৃতি। ইউনিসেফের একটি ফটোশুটে শিশু ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়ে দিচ্ছিলেন তরুণ লিওনেল মেসি। সময়ের ব্যবধানে সেই শিশুই আজ বিশ্বমঞ্চে মেসির প্রতিদ্বন্দ্বী, আবার ম্যাচ শেষে তার প্রতি শ্রদ্ধাও জানালেন।

আলিঙ্গনের সময় দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি। তবে দৃশ্যটি ফুটবলপ্রেমীদের আবেগাপ্লুত করেছে। অনেকেই এটিকে ফুটবলের দুই যুগের প্রতীকী হাতবদল হিসেবে দেখছেন।

ইয়ামাল এর আগেই জানিয়েছেন, তার ফুটবল আদর্শ ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে লিওনেল মেসিকে তিনি সবসময়ই ‘ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার’ বলে মনে করেন।

সেবার বিশ্বকাপ জিতে কেঁদেছিলেন মেসি, এবার হেরে কাঁদলেন
অন্যদিকে, ফাইনালের আগেই ইয়ামালকে নিয়ে প্রশংসা করেছিলেন মেসিও। আর্জেন্টাইন মহাতারকা বলেছিলেন, সে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি ওর জন্য শুভকামনা জানাই। কারণ ওর সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য।

ম্যাচের ফল যাই হোক, শেষ বাঁশির পর মেসি ও ইয়ামালের সেই আলিঙ্গনই হয়ে উঠেছে ফুটবল বিশ্বের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com