

বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহিন-কে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে মিথ্যা অপপ্রচার ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের সচেতন নাগরিক সমাজ।
আজ শনিবার নগরীতে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা দাবি করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম অচল করার চেষ্টা করছে।
বক্তারা বলেন, গত ৮ জুলাই কর্মস্থলে যোগদানের সময় ডা. মনিরুজ্জামানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তার যোগদানে বাধা দেওয়া হয়। পরবর্তীতে তাকে দপ্তর থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে। তারা এ ঘটনাকে দুঃখজনক ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থি বলে উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বরিশালের স্বাস্থ্য বিভাগে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে একটি গ্রুপ অবস্থান নিলেও অন্য গ্রুপ তার নিয়োগ বহালের পক্ষে রয়েছে।