

দক্ষিণাঞ্চলের ৯৮ শতাংশ সড়কের নিয়ন্ত্রণ নেই হাইওয়ে পুলিশের। সড়কের নিরাপত্তায় বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে স্থানীয় থানা পুলিশের। হাইওয়ে থানা পুলিশ না থাকায় আতংক ও নিরাপত্তাহীনতার কথা জানালেন গাড়ী চালকরা। যদিও বিষয়টি স্বীকার করে সমাধানের আশ্বাস বরিশাল রেঞ্জ ডিআইজির।
ঢাকা-বরিশাল মহাসড়ক। এ পথ দিয়েই সড়ক পথে বরিশাল বিভাগের ৬ জেলায় যেতে হয়। সে হিসেবে দক্ষিণাঞ্চলের মহাসড়কের নিরাপত্তায় নেই হাইওয়ে পুলিশের কার্যক্রম। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরিশাল জোনে ১ হাজার ৬০৩ দশমিক ৯৪ কিলোমিটার সড়ক রয়েছে।
তিনটি জাতীয়, সাতটি আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক মিলিয়ে এই দীর্ঘ পথের মাত্র ৩২ কিলোমিটার গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দেখভাল করছে। শতাংশের হিসেবে দক্ষিণাঞ্চলের ৯৮ শতাংশ সড়ক হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রনের বাইরে। ফলে দুর্ভোগ আর নিরাপত্তাহীনতা বাড়ছে দিনদিন।
বিগত দুই বছর ধরে বরিশাল বিভাগে অতিমাত্রায় গাড়ির চাপ বাড়লেও সড়ক ব্যবস্থাপনায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু যাত্রী বা পরিবহন নয় কর্তব্যরত পুলিশ সদস্যরাও বাধাগ্রস্থ হচ্ছেন প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে।
একটি পুরাতন পিকআপ আর দুটি মোটরসাইকেল নিয়েই চলছে গৌরনদী হাইওয়ে থানা।
বিষয়টি স্বীকার করে বরিশাল গৌরনদী হাইওয়ে থানার টিএসআই মোঃ রুহুল আমিন বলেন, অনেক কষ্ট করে তাদের ৩২ কিলোমিটার জায়গা নিরপত্তা দিতে হচ্চে। সঠিক মাত্রার যানবাহন ও জনবল সংকটে বাকি পথগুলো থাকে অরক্ষিত। এর সমাধানে ইতিমধ্যেই পুলিশ সদর দপ্তর একাধিক বার চিঠি লেখা হয়েছে।
হয়তো দ্রুত সময়ের মধ্যেই আরো হাইওয়ে থানা স্থাপন ও জনবল পূর্ণ করে পরিবহন ও সাধারণ মানুষের সেবার মান বৃদ্ধি করা হবে এমনটি আশা ব্যক্ত করেন তিনি।
তবে হাইওয়ে পুলিশের অপূর্ণতায় নিজ জেলার মধ্যে যতোটুকো আইনী সেবা দেয়া যায় সে বিষয় সহযোগিতার কথা জানালেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন।
সড়ক ব্যবস্থাপনায় স্থানীয় বাধার পাশাপাশি ৫ আগস্টের পরে মব সংস্কৃতির আতঙ্কও উদ্বিগ্ন করছে।
ফলে এই ৩২ কিলোমিটারের মধ্যে যতটুকু সড়ক ব্যবস্থাপনার আওতায় রয়েছে সেখানে তিনটি থানার সহায়তায় চলতে হচ্ছে। যে কারণে যাত্রীসহ গাড়ি চালকরাও রয়েছে আতংকে। নানা সমস্যার কথা জানালেন চালকসহ বরিশাল বাসী।
দক্ষিণাঞ্চলে হাইওয়ে পুলিশের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা পুলিশ সদর দফতরের থাকলেও দ্রুত সময়ে তার বাস্তবায়ন করার দাবী উঠছে। বিলম্বিত সিদ্ধান্ত অনেক প্রাণহানির কারন হতে পারে বলেও মনে করেন স্থানীয়রা।
তরিৎ গতিতে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত হাইওয়ে পুলিশের কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা বলছেন পুলিশের অঞ্চল প্রধানও।
তবে কবে নাগাদ দক্ষিণাঞ্চলের সড়ক হাইওয়ে পুলিশের তত্ত্বাবধায়নে আসবে তা স্পষ্ট নয় বললেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।
সড়ক ব্যবস্থাপনায় হাইওয়ে পুলিশের পরিধি বৃদ্ধি করে গোটা দক্ষিণাঞ্চলের সড়ক নিরাপত্তায় কার্যকর ভুমিকা পালন করবে সরকার এমনটাই প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর।