

বরিশালে নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে প্রতিবাদি মানববন্ধন ও মিছিল হয়েছে।
আজ শনিবার বেলা ১২ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ।
দির্ঘদিন ধরে বরিশাল সদর উপজেলা, জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ, মুলাদীতে অব্যহত নদী ভাঙ্গনে অনেক পরিবার বসতবাড়ি হারিয়েছে। টেকসই নদীরক্ষা বাঁধের দাবি জানিয়ে আসছেন নদী পাড়ে বসবাসরত সাধারণ বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বরিশালসহ
দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রতিবছর ভয়াবহ নদীভাঙ্গনে অসংখ্য পরিবার বসতভিটা, কৃষিজমি ও জীবিকা হারাচ্ছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কার্যকর ও স্থায়ী সমাধান বাস্তবায়ন না হওয়ায় ভোগান্তি বাড়ছে।
তারা নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি জানান। একই সঙ্গে নদীভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হলের সামনে এসে শেষ হয়।