

শরীয়তপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে ও পেট্রোল ঢেলে গায়ে আগুন ধরিয়ে হত্যাকাণ্ডের ঘটনার প্রধান ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-৮ ও ১৪। র্যাব-৮ জানান, শরীয়তপুর ডামুড্যা থানা এলাকার তিলক গ্রামের পরেশ দাসের ছেলে খোকন চন্দ্র দাস পেশায় একজন পল্লি চিকিৎসক এর পাশাপাশি ডামুড্যা থানাধীন কেউরভাঙ্গায় ওষুধের ফার্মেসী ও মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/ রকেট) এর ব্যবসা করতেন।
গত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখ রাতে তার ছেলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসার নগদ ছয় লক্ষ টাকা একটি ব্যাগের মধ্যে নিয়ে কেউরভাঙ্গা থেকে সিএনজি যোগে নিজ বাড়ীর কাছাকাছি তিলই বেপারীবাড়ী মসজিদের সামনে এসে সিএনজি থেকে নেমে পায়ে হেটে বাড়ীতে সামনে পৌছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ ধারালো চাকুসহ অন্যান্য দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে খোকনের পথ আটকিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং এলোপাথারী ছুরিকাঘাত ও গুরুতর রক্তাক্ত জখম করে।
এক পর্যায়ে খোকন আসামীদের চিনে ফেলায় আসামীরা হত্যার উদ্দেশ্যে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ভিকটিম তার জীবন রক্ষার্থে পাশের ডোবার পানিতে ঝাঁপিয়ে পড়ে।
এ সময়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে চিৎকার শুনে আশপাশের লোকজন বের হয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। আসামীদের ছুরির আঘাতে খোকনের মাথার বাম পাশে, বুকের ডানপাশে নিচে ও পেটে গুরুতর জখম হয়।
পেট্রোল এর আগুনে হাত, মুখমন্ডল ও শরীরের বিভিন্ন অংশে ঝলসে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় লোকজন তাকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
খোকনের শারীরিক অবস্থা আশংকাজনক বিবেচনায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। এ ঘটনায় শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় দস্যুতা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে গত শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, বরিশাল ও র্যাব-১৪, কিশোরগঞ্জ একটি যৌথ আভিযানিক দল আজ রোববার দিনগত রাতে কিশোরগঞ্জ এলাকা থেকে সোহাগ, পলাশ ও রাব্বিদের‘কে গ্রেফতার করে।
বরিশাল র্যাব-৮ এর সদর দপ্তর থেকে রাতে খুদেবার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।