

পরিবেশের জন্য হুমকিস্বরূপ লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন।
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার গারুড়িয়া ও কলসকাঠি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা—দুবাই ব্রিকস, খান ব্রিকস ও ওয়ান স্টার ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট তিনটি ইটভাটার বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় অবৈধভাবে প্রস্তুতকৃত ইট বিনষ্ট করা হয় এবং পরিবেশ বিধি লঙ্ঘনকারী নিষিদ্ধ চিমনি ভেঙে ফেলা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে বলেও জানানো হয়।