বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের ডাকা লকডাউন সফলসহ আট দফা বাস্তবায়নের দাবিতে শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে পশ্চিম সাতলার কাঁচাভিটা বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
সাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারের নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করেন।
মিছিলে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পাশ্ববর্তী ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’ সহ বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। এসময় হিন্দু অধ্যুষিত ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পশ্চিম সাতলা এলাকায় মিছিল বের করতে পারে, শনিবার বিকেল থেকেই এমন গুঞ্জন ছিলো। এমনকি উজিরপুর মডেল থানা পুলিশ বিকেলে ওই এলাকায় টহলও দিয়েছিলো। কিন্তু পুলিশ সন্ধ্যার পর পরই ওই এলাকা ত্যাগ করলে রাত নয়টার দিকে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পাশ্ববর্তী ইউনিয়নের কয়েকশ’ নেতাকর্মীরা একজোট হয়ে মশাল মিছিল বের করে।
মিছিলটি সাতলার অভ্যন্তরে প্রবেশ করলে ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পরে। তবে মিছিল প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি।
এ বিষয়ে সাতলা ইউনিয়র বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দীনকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে স্থানীয় ছাত্রদল কর্মী রাহাত খন্দকার জানিয়েছেন, সাতলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বোচ্চার রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, শুনেছি পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলা থেকে ভাড়া করে লোক এনে সাতলায় মিছিল করা হয়েছে।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পূর্বেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে গেছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।