

বরিশালের মুলাদী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ স্থানীয় জনগণ ছিনিয়ে নিয়েছে। বিকালে আসামী ছিনতাইয়ের পর পুলিশ দেনদরবার করে গভীর রাতে হ্যান্ডকাপ ফেরত পায়। বুধবার বিকাল ৫টার দিকে নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজারে এ ঘটনা হয়।
স্থানীয় সুত্রগুলো জানিয়েছে, বিকালে বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুইয়াকে পুলিশ গ্রেপ্তার করে। এসময়ে স্থানীয় জনগণ পুলিশকে ঘিরে ধরে।
একপর্যায়ে হ্যান্ডকাপসহ সেতুকে ছিনিয়ে নিয়ে যায়। হ্যান্ডকাপ খুইয়ে পুলিশ বিপাকে পড়ে যায়। সেটি ফেরত পেতে রাত পর্যন্ত স্থানীয়দের সঙ্গে দেনদরবার করে। সমঝোতা হলে গভীর রাতে পুলিশের দেয়া চাবি নিয়ে হ্যান্ডকাপ খুলে ফেরত দেয়া হয়। এ ঘটনায় মুলাদী থানার এসআই মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার একটি মামলা করেছেন।
মুলাদী থানার ওসি মো: খন্দকার সোহেল রানা আসামী ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি দাবী করেন, ঘটনার পর পরই পুলিশ হ্যান্ডকাপ ফেরত পেয়েছে।
তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিলো। সেতু ভুইয়া ওই মামলার এজাহারভুক্ত ৫ নং আসামী। তাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে এসআই মনির হোসেন বৃহস্পতিবার মামলা করেছেন। সেতুসহ অন্যদেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।