শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বিসিসিতে বেতন নিয়ে গোলযোগ : দুর্গন্ধময় বরিশাল নগরী

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭৩ বার

বেতন নিয়ে গোলযোগের সৃষ্টি হওয়ায় বরিশাল সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়েছেন। ফলে বুধবার (২৮ মে) সন্ধ্যার পর থেকে মধ্যরাত অবধি বরিশাল নগরীর ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকান্ড বন্ধ রয়েছে।

অস্থায়ী শ্রমিক বা দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় এরইমধ্যে নগরীতে ময়লার স্তুপ বনে গেছে। রাতেই দেখা গেছে, নগরীর নাজির মহল্লা সংলগ্ন সদর রোডে ময়লার স্তুপ। ময়লা জমে গেছে কাউনিয়া প্রধান সড়ক পানির ট্যাংকির সামনে, জানকি শিং রোডে। কুকুর, বিড়ালে ময়লাগুলো টেনে টেনে খাচ্ছে। এতে করে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের পূর্বে বুধবার (২৮ মে) বিসিসির কয়েকশ’ অস্থায়ী কর্মচারীদের বেতন দেওয়া হয়। কর্মীদের অভিযোগ তাদের ৩০ দিনের স্থলে ২২ দিনের বেতন দেওয়া হয়েছে। কেটে নেওয়া হয়েছে আট দিনের বেতন। এতে ক্ষোভে ফেটে পড়েন পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিভাগের অস্থায়ী কর্মীরা।

তাদের দাবি প্রতিদিনই তারা নগরীকে পরিচ্ছন্ন রাখতে নিরলস কাজ করছেন। এমনকি শুক্রবারসহ বন্ধের দিনেও তাদের কাজ করতে হয়। অন্যান্য কর্মচারীরা যদি শুক্রবার কাজ না করে বেতন নিতে পারেন তবে তাদের বেতন কেন কেটে নেওয়া হবে। এ নিয়ে ক্ষুব্ধ কর্মীরা নগরীতে বিক্ষোভ করেন।

এ ব্যাপারে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিক মাসে ২২ দিনের বেশি সময়ের জন্য কোনোভাবে নিয়োজিত রাখা যাবেনা। আর সেই নির্দেশনা অনুযায়ী তাদের বেতন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে আমাদের কিছুই করণীয় নেই। কেউ কাজ না করলে সেটা তাদের ব্যাপার।

শেষখবর পাওয়া পর্যন্ত ২৮ মে দিবাগত মধ্যরাতে বিষয়টি সমাধানের জন্য বিসিসিতে বৈঠকে বসেছেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার। রাত দেড়টার সময়ও বৈঠক চলছে। এসময় সিটি করপোরেশনের মধ্যে বিক্ষোভ করেন দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com