

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে পুশইনের চেষ্টার পর বিজিবির প্রতিরোধের মুখে ২৮ জন নাগরিক দুই দিন খোলা আকাশের নিচে জঙ্গলের মধ্যে অনাহারে-অর্ধাহারে অবস্থান করছিলেন। শনিবার সকাল থেকে ওই স্থানে তাদের আর দেখা যাচ্ছে না। তবে নো ম্যান্স ল্যান্ডের ওই স্থানে তাদের ব্যবহৃত পোশাক ও ব্যাগগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পুশইনের শিকার ওই ২৮ জনকে বিএসএফ ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিএসএফ আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশক (বিজিবি) কিছু না জানালেও শনিবার ভোরে ওই এলাকা ফাঁকা পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গতরাতে তিনটি ভারতীয় গাড়ি বাঙ্গাবাড়ি সীমান্তে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর দুই দফায় ভারতীয় বাহিনী সীমান্তের সার্চলাইটগুলো ১০ মিনিটের জন্য নিভিয়ে ফেলে। এর পর থেকেই ওই ২৮ জনকে আর শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে দেখা যায়নি। সকালে খোঁজ নিয়ে দেখা গেছে, তারা সেখানে না থাকলেও তাদের সবার ব্যাগ ও পোশাক এদিক-ওদিক পড়ে রয়েছে। কিছু জিনিসপত্র ও রান্নার উপকরণ তালগাছের পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে। যা সীমান্তবাসীর মধ্যে আরও উৎকণ্ঠা বাড়িয়ে দিয়েছে।
স্থানীয়দের তীব্র নজরদারির কারণেই বিএসএফ ওই ২৮ জনকে সরিয়ে নিয়েছে। তবে জিনিসপত্র রেখে যাওয়ায় ধারণা করা হচ্ছে, আবারও সুযোগ বুঝে ছোট ছোট গ্রুপে ভাগ করে তাদের পুশইন করার চেষ্টা করা হতে পারে।
বিজিবির তথ্য অনুযায়ী, গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশু রয়েছে।