সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বরিশালে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ০ বার

দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের সংক্রামক রোগ থেকে রক্ষা করতে এই জরুরি কর্মসূচি একযোগে জেলা ও নগরী পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকায় নাজিম মৃধার বাড়ির সংলগ্ন টিকা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রথমে টিকা প্রদান করা হচ্ছে এবং ধাপে ধাপে সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি অভিভাবকদের হাম ও রুবেলা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।

একই দিনে সকাল ১১টায় বরিশাল নগর মাতৃসদন হলরুমে নগর পর্যায়ে হামের প্রকোপ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।

প্রধান অতিথি বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বরিশালের কিছু এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক দ্রুততম সময়ে জরুরি ভিত্তিতে এই টিকাদান কার্যক্রম চালু করা সম্ভব হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

বরিশাল সিটি কর্পোরেশনের চিকিৎসক ডা. ফয়সাল বলেন, হামের প্রাদুর্ভাব রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নগরজুড়ে স্বাস্থ্য টিম সক্রিয়ভাবে কাজ করছে। প্রকল্প ব্যবস্থাপক ডা. মুনমুন জাহান সুমি জানান, শিশুদের মধ্যে হাম-রুবেলা প্রতিরোধে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সের সব শিশুকে পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের চারটি উপজেলায় এই টিকাদান কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে হামে চারজনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হাসপাতাল ভর্তি হয়েছে ৪৮৫ জন রোগী। তাদের মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৬১২ জন।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হবে। নগরীর ১৫টি স্থায়ী কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য বিভাগ ও বরিশাল সিটি করপোরেশনের বাস্তবায়নে এবং World Health Organization-এর কারিগরি সহযোগিতায় বিশেষ টিকাদান কার্যক্রম সম্পন্ন হচ্ছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। কোনো সন্দেহজনক রোগী শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ইপিআই টিমের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে সারাদেশে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা গেলে হামের মতো সংক্রামক রোগ অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল জেলা ও বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নগরীর কাউনিয়া মাতৃসদনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পের কার্যক্রম পরিচালনা ও শিশুদের টিকা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com