

বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সামনে থেকে রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদারকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে যৌথ বাহিনীর একটি দল তাঁকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, রাজন শিকদার রাজকর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে এসেছিলেন। সে সময় তিনি ভোটকেন্দ্র থেকে প্রায় ৪০০ গজ দূরে অবস্থান করছিলেন। হঠাৎ সেনাবাহিনীর একটি গাড়ি এসে তাঁকে আটক করে এবং পরে জোর করে গাড়িতে তোলা হয়।
ঘটনার সময় উপস্থিত সংবাদকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে একাধিক সাংবাদিকের মুঠোফোন নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
রাজন শিকদার আটকের খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন। এ সময় পরিবারের কয়েকজন নারী সদস্য সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে গিয়ে লাঠিচার্জ করা হয়।
ঠিক ওই সময় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন ঘটনাস্থলে পৌঁছান। তাঁর সঙ্গে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর সেনাবাহিনীর একটি গাড়িতে করে রাজন শিকদারকে বাবুগঞ্জ উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বলেন, পরে বিস্তারিত জানানো হবে।
তবে এরপরেও আরো দু’জনকে ঘটনাস্থলে এসে আটক করে ছেড়ে দেয়া হয়। এদিকে ভোটার উপস্থিতি এখানে খুবই কম রয়েছে।
ঘটনার পর পরই বাবুগঞ্জ কলেজ গেটে উপস্থিত হন বিএনপি মনোনীত বরিশাল ৩ সংসদীয় আসনের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি বলেন হঠাৎ করেই উগ্রতায় ভোটার আসতে ভয় পাচ্ছে। ঈগল প্রতীকের ফুয়াদ চৌধুরীর পক্ষে প্রশাসন কাজ করছে বলে অভিযোগ তার।